৯৮তম অস্কার আসর বসবে আগামী বছরের ১৫ মার্চ। এই অস্কারের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিতে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছে। এই পাঁচটি সিনেমার মধ্য থেকে একটি ছবি বাছাই করে চূড়ান্তভাবে অস্কারে পাঠাবে বাংলাদেশ অস্কার কমিটি।
চলতি মাসের শুরুতে অস্কারে অংশগ্রহণের জন্য ছবি আহ্বান করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) কর্তৃক পরিচালিত অস্কার বাংলাদেশ কমিটি। ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমার শেষ দিন।
নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়ে পাঁচটি চলচ্চিত্র: সাবা, বাড়ির নাম শাহানা, নকশিকাঁথার জমিন, প্রিয় মালতী ও ময়না।
এই পাঁচটি ছবির মধ্যে ‘বাড়ির নাম শাহানা’ আজ (১৯ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে এবং ‘সাবা’ মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর। বাকি তিনটি ছবি আগেই মুক্তি পেয়েছে।
অস্কার বাংলাদেশ কমিটির সভাপতি জহিরুল ইসলাম জানিয়েছেন, নির্বাচক কমিটি ইতোমধ্যে জমা পড়া ছবিগুলো বুঝে পেয়েছে।
তিনি বলেন, খুব শিগগির আমরা ছবিগুলো ব্যক্তিপর্যায়ে দেখা শুরু করব। একসঙ্গে বসেও ছবিগুলোর মূল্যায়ন করা হবে। আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে আমরা পর্যালোচনার কাজ শুরু করব এবং ২৬ সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে।
অস্কার কর্তৃপক্ষের কাছে ছবি জমা দেওয়ার শেষ সময় ৩১ সেপ্টেম্বর। তাই সময়মতো সিনেমা জমা দিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ কমিটি।
জহিরুল ইসলাম বলেন, অনেক সময় টেকনিক্যাল জটিলতা দেখা দেয়। সেই কারণে আমরা দুই-এক দিন সময় হাতে রেখেই চূড়ান্ত ছবিটি সাবমিট করতে চাই।
উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর ঘোষণা করা হবে অস্কারের শর্টলিস্ট এবং পরে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত পাঁচটি সিনেমার তালিকা প্রকাশ করা হবে। এই পাঁচটির মধ্য থেকে একটি সিনেমা ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে অস্কার জিতবে।
বিনোদন প্রতিবেদক 





















