ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি। ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর ডাকা ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচিকে কেন্দ্র করে যন্তর মন্তরে জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো শিক্ষার্থী।
সোমবার সংসদ অভিমুখে অগ্রসর হওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় অনিয়মের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে আন্দোলনের একাংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিও জানায়।
এদিকে, বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র শাহনওয়াজ হুসেন বলেন, নিট-সংক্রান্ত অভিযোগের বিষয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তিনি দেশের যুবসমাজকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান।
ডেস্ক নিউজ 















