রাজধানীর পল্লবীতে কন্যা শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারকার্য, আগামী ৫-৭ দিনের মধ্যে সম্পন্ন করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২৪ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত “বিএসআরএফ সংলাপ” অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।
মন্ত্রী বলেন, রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রধান আসামিকে মাত্র ৭ ঘণ্টার মধ্যে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আসামি একদিনের মধ্যে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
তিনি বলেন, সরকারের দ্রুততম নির্দেশনায় মাত্র ৩ দিনে ডিএনএ এবং ময়নাতদন্ত রিপোর্ট সম্পন্ন করে গত রাতেই মামলার পূর্ণাঙ্গ চার্জশিট প্রস্তুত করা হয়েছে, যা আজই আদালতে দাখিল করা হচ্ছে।
তিনি আরো বলেন, মামলাটি পরিচালনা করার জন্য সরকারের পক্ষ থেকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালত গঠন করা হয়েছে যা ঈদের ছুটিতেও খোলা থাকবে। আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষ থেকে সর্বাত্মক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিএসআরএফ-এর সভাপতি মাসউদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসআরএফ-এর সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন
নিজস্ব প্রতিবেদক 




















